প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2026 ইং
যমুনায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর স্পার বাঁধ ঘাটে বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শাহরিয়ার নুর হোসেন জিসানের (২৩) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের ট্যুরিস্ট হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজী রফিক সড়কের বাসিন্দা আলী আকবরের ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, রবিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ শহরের বন্ধু জাহিদ হাসান আঁচলসহ পাঁচ বন্ধু এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় বেড়াতে আসেন। পরে আঁচল ছাড়া বাকি চার বন্ধু যমুনা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে জিসান নদীর পানিতে তলিয়ে যান। অন্য বন্ধুরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। রবিবার সন্ধ্যায় রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে ওই দিন তাঁর সন্ধান পাওয়া যায়নি।
ওসি আরও জানান, সোমবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরিরা। এ সময় ঘটনাস্থলের পাশেই জিসানের মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।